যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়ে ৭৪৩১ জন শিক্ষার্থীর। এরমধ্যে যবিপ্রবিতে ৮৫ দশমিক ০৪ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা অংশ নেন। একইদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের বিষয়ে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে তিনি যবিপ্রবির সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান।

যবিপ্রবির কেন্দ্রের কোঅর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্যে সব ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপকমিটির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।