লোকসমাজ ডেস্ক॥ নতুন বছরে পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মসুচির উন্নয়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, অদূর ভবিষ্যতেই নতুন কৌশলের অস্ত্র চালু করবে তার দেশ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেসিএনএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। দেশটির সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ আলোচনা নতুন করে শুরু করার এক বছরের সময়সীমা মিস করেছে যুক্তরাষ্ট্র। তারপরই তিনি এমন ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্র ‘গ্যাংস্টারের মতো দাবি’ করছে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া অব্যাহত রাখা। অত্যাধুনিক অস্ত্র অনুমোদন, অবরোধ।
তাই স্বঘোষিত পারমাণবিক এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ক্ষেত্রে আর কোনো বাধ্যবাধকতা নেই বলে মনে করে তারা।
উল্লেখ্য, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নীতিনির্ধারণী কমিটির বিরল চারদিনের সম্মেলন আহ্বান করেছেন কি জং উন। শনিবার থেকে শুরু হয় এই মিটিং। বলা হয়েছে, সমঝোতার আলোচনায় ছাড়া দেয়ার জন্য বার বার তিনি কল করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয় নি। ফলে সময়সীমা এমনিতেই শেষ হয়ে গেছে। এমন অবস্থার প্রেক্ষিতে তিনি ওই বেঠক আহ্বান করেন। কিম জং উন প্রতিজ্ঞা প্রকাশ করেন যে, পারমাণবিক অস্ত্র উন্নয়নে তারা আরো অগ্রসর হবেন। তবে আলোচনার জন্য দরজা উন্মুক্ত থাকবে। তবে এসব নির্ভর করবে যুক্তরাষ্ট্রের যথাযথ সহযোগিতার ওপর।
পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া
শীতেও চোখের যত্ন দরকার
লোকসমাজ ডেস্ক॥ চোখের উপযোগী ব্যায়াম নিয়মিত করা উচিত। এতে চোখের অতিরিক্ত ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখা সহজ হবে।
শীতে ত্বক ও চুলের পাশাপাশি চোখের যত্নও নেওয়া প্রয়োজন। কারণ, এ সময় পরিবেশে ধুলাবালি বেশি থাকে এবং আবহাওয়া শুষ্ক হওয়ায় চোখের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়। ফলে চোখের অ্যালার্জি, চুলকানি, শুষ্ক চোখ, খচখচ করার মতো সমস্যা বেড়ে যেতে পারে। শীতকালে কিছু সতর্কতা অবলম্বন করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
চশমা ব্যবহার করুন: বাইরে বের হলে চশমা বা রোদচশমা ব্যবহার করুন। সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে, সে জন্য পুরো চোখ ঢেকে থাকে—এমন ফ্রেমের চশমা ব্যবহার করুন।
শরীর আর্দ্র রাখুন: শরীর আর্দ্র রাখতে প্রচুর তরলজাতীয় খাবার খেতে হবে। এমনিতেই শীতে পানি পান কমে যায়। তাই পানি ছাড়াও ফলের রস, গরম স্যুপ ইত্যাদি খেতে পারেন, যা শরীর উষ্ণ ও আর্দ্র রাখতে সাহায্য করবে। এতে চোখের শুষ্কভাবও কমে যাবে।
ওমেগা-৩ যুক্ত খাবার খান: ওমেগা-৩ যুক্ত মাছ বেশি খেতে হবে। এতে চোখে অশ্রু বেশি তৈরি হবে।
শাকসবজি খান: শাকসবজিতে প্রয়োজনীয় ভিটামিন, ক্যারোটিন ইত্যাদি আছে, যা চোখ ভালো রাখে। ফুলকপিতে থাকা ভিটামিন–এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখের পুষ্টি উপাদানের ‘পাওয়ার হাউস’ বলা যেতে পারে মিষ্টিকুমড়াকে।
চোখের ব্যায়াম
চোখের উপযোগী ব্যায়াম নিয়মিত করা উচিত। এতে চোখের অতিরিক্ত ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখা সহজ হবে।
ব্যায়াম ১: মাথা সোজা রেখে চোখ হাতের ডান থেকে বাঁয়ে ও বাঁ থেকে ডানে ১০ বার ঘোরাতে হবে। প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিন দিন করা যেতে পারে।
ব্যায়াম ২: কাজের ফাঁকে কিছু সময় চোখ বন্ধ রাখুন। হাতে হাত ঘষে হাতের তালু কিছুটা গরম করে বন্ধ চোখের ওপর রাখুন। হাতের তালু এমনভাবে রাখুন, যাতে ভেতরে কোনো আলো না যেতে পারে। দুই মিনিট এভাবে থাকুন। দিনে বেশ কয়েকবার এমন করলে চোখের বিশ্রাম হবে।
ব্যায়াম ৩: যাঁরা কম্পিউটার ও মুঠোফোন বেশি ব্যবহার করেন, তাঁদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। কাজেই একটানা তাকিয়ে না থেকে কম্পিউটার ও মুঠোফোন ব্যবহারের সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন। নিয়মিত পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করুন।
ব্যায়াম ৪: রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে চোখের পাতা আঙুলের ডগা দিয়ে হালকা করে ঘুরিয়ে ম্যাসাজ করুন। ভ্রুর নিচের দিকে ও চোখের নিচের দিক এভাবে দুই মিনিট ম্যাসাজ করুন। এতে ঘুমও ভালো হবে, চোখের অতিরিক্ত ক্লান্তিও দূর হবে।
চক্ষু বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, গ্লকোমা বিভাগ, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
কোনো বিশ্রাম নেই, ছুটিতেও ব্যস্ত মেসি
লোকসমাজ ডেস্ক ॥ক্রিসমাস ডের আগেই বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে ফিরে আসেন। ব্যক্তিগত বিমানে করে বন্ধু লুইস সুয়ারেজজে উরুগুয়েতে নামিয়ে দিয়ে মেসি ফিরে যান নিজের দেশে। রোজারিওতেই কাটালের ক্রিসমাস ডে’র ছুটি। এর পরপরই কিন্তু ফিরে আসেননি বার্সেলোনা। আগেই জানা গিয়েছিল, মেসি বার্সায় ফিরবেন ২ জানুয়ারি। যদিও তার সতীর্থরা তিনদিন আগে থেকেই শুরু করবে মৌসুমের পরবর্তী ধাপের জন্য অনুশীলন। কিন্তু মেসি সেখানে যোগ দিচ্ছেন, তিনদিন পর। ক্রিসমাস ডে, নববর্ষ উদযাপন- সবই রোজারিওতেই করলেন লিওনেল মেসি। কিন্তু ছুটির এই সময়টাতে শুধু বসে বসে সময় কাটাননি। বিশ্রাম নেননি। নিজেকে ফিট রাখতে রোজারিওয় নিজের বাড়িতেও কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন বার্সেলোনা এবং আর্জেন্টিনার অধিনায়ক। একা একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ৬ বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। এস্পানিওলের বিপক্ষে বছরের প্রথম ম্যাচ বর্সেলোনার। ২ জানুয়ারি বার্সায় ফিরেই যেন সোজা মাঠে নেমে যেতে পারেন মেসি, সে কারণেই নিজের ফিটনেস ধরে রাখতে এতটা পরিশ্রম করে যাচ্ছেন তিনি। নিজের বাড়িতে অনুশীলন করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন মেসি। যেখানে দেখা যাচ্ছে, একটি ট্রেডমিলের পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছিলেন তিনি।
বছরের প্রথম দিনে পুঁজিবাজারে লেনদেন কমেছে
লোকসমাজ ডেস্ক॥ ২০২০ সালের প্রথম দিন বুধবার (০১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ০ দশমিক ৩৫ পয়েন্ট ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ও ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০০৩ ও ১৫০১ পয়েন্টে।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩০০ কোটি টাকার।
ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২১টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ৮৬টির এবং ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- খুলনা পাওয়ার, লাফার্জ হোলসিম, স্ট্যান্ডার্ড সিরামিক, বিকন ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জেনেক্স, সিটি, ওয়াটা কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন ও ইউনাইটেড পাওয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।
সিএসইতে ৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি টাকার।
৪২-এ পা রাখল ছাত্রদল
লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪২তম বছরে পা রাখল। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করবে ছাত্রদল। এর আগে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। ২ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা অথবা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে এই সংগঠনটিকে।
গত এক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এই কারণে বিএনপির ভ্যানগার্ড খ্যাত সংগঠনটি আন্দোলন সংগ্রামে তেমন অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি। তবে নতুন বছরে নতুন উদ্যোমে দলের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিছে চান ছাত্রদল নেতারা। এ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর একমাত্র লক্ষ্য। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রেকর্ড ঠান্ডায় জাতীয় সঙ্গীত গেয়ে নতুন বছরকে বরণ করল দিল্লির আন্দোলনকারীরা
লোকসমাজ ডেস্ক॥ জাতীয় সঙ্গীত গেয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ভারতের আন্দোলনকারীরা। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে চলছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও এনআরসির বিরুদ্ধে বড় ধরণের আন্দোলন। উত্তাল হয়ে আছে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গসহ অন্তত ১০ রাজ্য। এরইমধ্যে চলে এসেছে নতুন বছর। কিন্তু রাজপথ ছেড়ে যাননি দিল্লির আন্দোলনকারীরা। তাদের কথা একটাই। নতুন বছরে নতুন সূর্য উঠবে কিন্তু রক্ষা করতে হবে দেশের সংবিধান। এ চিন্তা থেকেই সেখানে দেখা গেলো অন্যরকম এক বর্ষবরণ।
ডয়েচে ভেলে জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাতে দিল্লির শাহিনবাগে রাস্তায়ই বসেছিলেন আন্দোলনকারীরা। শুধু মুসলিমরা নয়, সকল ধর্মের মানুষরাই আন্দোলনে যোগ দিচ্ছেন। সেখানেই নতুন বছরকে বরণ করে নেন তারা। তবে কোনো আতসবাজি ফাটিয়ে নয়। সিএএ ও এনআরসির বিরুদ্ধে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রস্তাবনা পাঠ করে নববর্ষ উদযাপন করেন তারা। সঙ্গে ছিলো নিজেদের জাতীয় সঙ্গীত। সমাবেশ থেকে দেয়া হয় স্লোগান যাতে ছিলো ধর্মনিরপেক্ষতার কথা, অসাম্প্রদায়িকতার কথা। যাকে দেখা হচ্ছে মুসলিমদের জন্য বৈষম্যমূলক হিসেবে বিবেচিত সিএএ ও এনআরসির বিরুদ্ধে ছিলো অসাধারণ প্রতিবাদ হিসেবে। বছর আসে, বছর যায়। উৎসব হয়, উদযাপন হয়। কিন্তু ২০২০ সালের প্রথম রাতটা রেকর্ড ঠান্ডা উপেক্ষা করে ধর্মনিরপেক্ষতার প্রত্যয়ে অভূতপূর্বভাবে স্বাগত জানালো দিল্লি।
ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি
লোকসমাজ ডেস্ক ॥ ভোটার তালিকার হালনাগাদ খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে বুধবার (১ জানুয়ারি) মাঠ প্রশাসনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়। ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেনের সই করা চিঠিটি জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে ২০ জানুয়ারি ভোটার তালিকার খসড়াসংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনও স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন বলেন, খসড়া তালিকায় কোনও নাগরিকের তথ্যে কোনও ভুল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিভাইজিং অথরিটির কাছে আবেদন করতে হবে। তারা পরবর্তী ৭ দিনের মধ্যে তা সমাধান করবে।
প্রসঙ্গত, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ও ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তবে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ বছর ১ মার্চ ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান। এ-সংক্রান্ত আইন সংশোধন করার কথাও জানান তিনি। তবে এখনও আইনে সংশোধনী আনার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জানা গেছে, সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসি জানায়, এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের বেশি নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছে। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম—এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। বাকি ২ বছরের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখা হচ্ছে। বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইসির তথ্যমতে, বর্তমানে ১০ কোটি ৪২ লাখের মতো ভোটার রয়েছে।
লিডার ইজ নেভার রঙ : জিএম কাদের
লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘মনে রাখতে হবে, লিডার ইজ নেভার রঙ, লিডার ইজ অলওয়েজ কারেক্ট। সবার মতামত নিয়ে কাজ করবো, তবে দেশ ও দলের স্বার্থে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে।’ বুধবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদেরকে শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি। জনগণ কী চায় সে অনুযায়ী কাজ করতে হবে। যেখানে প্রতিবাদ কিংবা দাবির প্রয়োজন হবে, সেখানে সেভাবে কাজ করবেন। আমরা কেন্দ্রীয়ভাবেও সেভাবে কর্মসূচি দেব। আমরা দেশবাসীর চিন্তা করছি। আমরা যদি সকলে এক থাকি, তাহলে সব সম্ভব। আর নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ২৭ বছর ক্ষমতার বাইরে, এই সময়ে অনেক চড়াই-উতরাই পেরিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি কখনও এককভাবে, কখনএ যৌথভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা কাউকে দোষ দিই না। প্রতিপক্ষ শক্তিশালী হলে হামলার শিকার হতে পারে। আমাদের শক্তি অর্জন করতে হবে। জাতীয় পার্টি জন্ম থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির নবজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যে আলোয় উদ্ভাসিত করবো, সেই আলোয় আলোকিত হবে দেশ।’
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। ১৯৮৪ সালে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেদিন রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করার গণতন্ত্রের জন্য জাপার জন্ম। জাপা শুধু গণতন্ত্রের পার্টি নয়, মানু্ষের ভাগ্য উন্নয়নের পার্টি। আমরা ক্ষমতায় যাব, যদি আমাদের মধ্য শৃঙ্খলা ও ঐক্য থাকে। আর যদি মানুষের কাছে যেতে পারি। মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান বলেন, আগের দিনে সবকিছু ধুয়ে মুছে, নতুন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই। জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে চাই। সংগঠন শক্তিশালী না হলে দুই পয়সার দাম নেই আপনার। মনে রাখবেন দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। সভায় জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের বিকল্প নেই। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আলোচনা সভায় অন্যদের মধ্য আরও বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম, সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, ঢাকা উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, ইসহাক ভূইয়া প্রমুখ।
শিগগিরই গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিসভায়: তথ্যমন্ত্রী
লোকসমাজ ডেস্ক ॥ খুব শিগগিরই ‘গণমাধ্যমকর্মী আইন’ মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বুধবার জানিয়েছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ আইনটি এখন পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আছে এবং শিগগিরই এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) ডাউনলোড সংযোগের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, সারাদেশে অবৈধ ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। অবৈধ ডিটিএইচ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর থেকে পুরো ভারতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার ভারতে শুরু হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এ মাসেই ভারতে বাংলাদেশ বেতার সম্প্রসারণ শুরু হবে।’
খবর: ইউএনবি।
লোহাগড়ায় স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে ছুটি ছাড়াই ভারত গমণের অভিযোগ
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে ছুটি ছাড়াই বারবার ভারত গমণসহ পাসপোর্ট-ভিসার দালালি ব্যবসায়ের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মিন্টু কুমার বিশ^াস দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বারবার ভারতে গমন করেন। তার পাসপোর্ট নম্বর বি-এফ-০৬০২৬৩৪। পাসপোর্টের বিপরীতে ২০১৮ সালের ২২ অক্টোবর থেকে ২০১৯ সালের ২১ অক্টোবর পর্যন্ত ১ বছরের মেয়াদ ছিল। তিনি ২০১৮ সালের ১৮ নভেম্বর ভারতে যান এবং ২৮ নভেম্বর দেশে ফেরেন। তিনি গত বছর ৩০ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর ভারতে অবস্থান করেন। তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়াও চোরাইপথে ভারতে যাবার অভিযোগ রয়েছে। লাহুড়িয়া এলাকার কালিদাস বিশ^াস, নৃপেন্দ্রনাথ বিশ^াস, নিতাই বিশ^াস, পলাশ বিশ^াস, বিধানসহ কয়েকজন লিখিত অভিযোগে জানান, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। বুধবার অভিযুক্ত স্বাস্থ্য সহকারী মিন্টু কুমার বিশ^াসের কাছে ফোনে এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, আমি ট্রেনিং-এ খুলনাতে আছি। শনিবার এসে আপনার সাথে কথা বলবো। এ বিষয়ে জানতে নড়াইলের সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাসের মোবাইলে বুধবার একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।










