ডেঙ্গু প্রতিরোধে মনিরামপুরে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)॥ যশোরের মনিরামপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মনিরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় মনিরামপুর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরিক সমাজকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানায়। পরে মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান সহকারী জিএম বশির আল হেলাল, কার্যসহকারী তপু, এস এম আব্দুর রশিদ, হাফিজুর রহমান এবং বিউটি রানী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার ও মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে মাঠপর্যায়ের কাজ শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো পৌরসভা এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।