৭০ বছর ভারতে থাকার পর ‘বাংলাদেশি’ অপবাদ; ৩ শিশু ও বৃদ্ধাসহ পুরো পরিবারকে পুশব্যাক

0
হাড়কাঁপানো শীতে দর্শনা বাসস্ট্যান্ডে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে হিন্দি ভাষাভাষী পরিবারটি।

স্টাফ রিপোর্টার ॥ ভারতের উড়িষ্যা রাজ্যে দীর্ঘ ৭০ বছর বসবাস করার পরও একটি পরিবারের ১৪ জন সদস্যকে গভীর রাতে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই তাঁদের জোরপূর্বক পুশব্যাক করা হয়।

ভুক্তভোগীরা জানান, তাঁরা উড়িষ্যার জগসিং জেলার সাতকুড়া ধনিপুরের স্থায়ী বাসিন্দা। পরিবারের প্রধান ৭৩ বছর বয়সী আব্দুর জব্বার জানান, আড়াই বছর বয়স থেকে তিনি সপরিবারে ভারতে বসবাস করছেন। মাসখানেক আগে সেখানকার পুলিশ তাঁদের ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে ধরে নিয়ে যায় এবং আধার কার্ড ও রেশন কার্ডসহ সমস্ত নাগরিকত্বের প্রমাণপত্র কেড়ে নেয়। এক মাস জেল খাটার পর তাঁদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয় এবং রাতের আঁধারে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দর্শনা বাসস্ট্যান্ডে হাড়কাঁপানো শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করা এই অসহায় পরিবারটির খবর পেয়ে পাশে দাঁড়ায় চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাঁরা পরিবারটিকে জরুরি শীতবস্ত্র সরবরাহ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরিবারটিতে বৃদ্ধা নারী ও ছোট শিশুসহ মোট ১৪ জন সদস্য রয়েছেন। পুলিশ জানিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁদের বিষয়ে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে।