৭০টি মাদ্রাসা এখনো অষ্টম শ্রেণির বই পায়নি: মনিরামপুরে শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বইয়ের সঙ্কট

0

মজনুর রহমান, মনিরামপুর (যশোর)॥ পহেলা জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করা হলেও যশোরের মনিরামপুরে মাধ্যমিক স্তরে ১২০টি মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি। কিছু বই দেওয়া হয়েছে সপ্তম ও নবম শ্রেণির। ষষ্ঠ শ্রেণির দেওয়া হয়েছে মাত্র একটি বিষয়ের বই। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় অষ্টম শ্রেণির কোন বিষয়ের বই দেওয়া হয়নি। ফলে বই সঙ্কট প্রকট আকার ধারণ করায় শিক্ষার্থীরা পড়েছে মহাবিপাকে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করছেন অচিরেই বই সঙ্কটের সমাধান হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, মনিরামপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১২০টি। মাদ্রাসা আছে ৭০টি। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী ২৪ হাজার ৫২৭ জন এবং মাদ্রাসায় ৪ হাজার ২৬০ জন। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা জানুয়ারি সরকারের বিনামূল্যের নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থীর মাঝে এখনো সকল শ্রেণির সব বিষয়ের বই বিতরণ করা সম্ভব হয়নি। দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়, হেলাঞ্চী কৃঞ্চবাটি মাধ্যমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সকল শ্রেণির সব বিষয়ের বই সরবরাহ করা হয়নি। দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ফিরোজ জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ পর্যন্ত বই সরবরাহ করা হয়েছে সপ্তম শ্রেণির আটটি বিষয়, নবম শ্রেণির ১১টি বিষয় এবং ষষ্ঠ শ্রেণির মাত্র একটি (আইসিটি)। এ পর্যন্ত অষ্টম শ্রেণির কোন বই দেওয়া হয়নি। একই অভিযোগ করেন হেলাঞ্চী কৃঞ্চবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানসহ অধিকাংশ প্রধান শিক্ষকরা। তারা জানান, একেতো দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ। তার ওপর বছরের শুরুতে সকল শ্রেণির সব বিষয়ের বই দিতে না পারায় লেখাপড়ায় যেমন বিঘœ ঘটছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি বেশ অনীহা দেখা দিচ্ছে। এ ব্যাপারে কথা হয় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশিক মাহমুদ, তৌহিদুল ইসলাম, শেফালি খাতুন ও যুথি খাতুনের সাথে। তারা জানায়, বই না পাওয়ায় ক্লাশ করা সম্ভব হচ্ছে না। আবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানা, বৈশাখী খাতুন, মুসফিকুর রহমান জানায়, তারা এ পর্যন্ত পেয়েছে মাত্র এক বিষয়ের বই (আইসিটি)। ফলে শুধুমাত্র আইসিটি ক্লাশেই তাদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে। আবার হেলাঞ্চী কৃঞ্চবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক জানান, বই সরবরাহ না থাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান বিরত রাখা হয়েছে। অপরদিকে একই সঙ্কটের কথা জানান হাজরাকাটি আহম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুস সামাদ। তিনি জানান, এ পর্যন্ত তার মাদ্রাসায় অষ্টম শ্রেণির কোন বিষয়ের বই দেওয়া হয়নি। ফলে অষ্টম শ্রেণির ক্লাশ নেওয়া সম্ভব হচ্ছে না। একই অভিযোগ করেন পাতন দাখিল মাদ্রসার সুপার মহসিন আলীসহ অধিকাংশ মাসাদ্রার প্রধানরাও। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার মাধ্যমিক পর্যায়ে বই সঙ্কটের সত্যতা স্বীকার করে জানান, স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির জন্য এ পর্যন্ত মনিরামপুরে কোন বই সরবরাহ করা হয়নি। তিনি আশা করেন, অচিরেই অষ্টম শ্রেণিসহ অন্যান্য শ্রেণির বই সরবরাহ স্বাভাবিক হবে।