৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু রহমান

0
ছবি: বাচ্চু রহমান।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ শৈশবের স্বপ্ন ছিল পুলিশের ইউনিফর্ম পরার। কারণ পিতা আনসার বাহিনীর সদস্য। পিতার ইউনিফর্ম, বুট আর বেল্ট নিয়েই খেলতে খেলতে বড় হওয়া সেই ছোট্ট শিশুটিই আজ ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন।

যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান বাচ্চু রহমান। পিতা নজরুল ইসলাম আনসার বাহিনীর সদস্য। মা বিলকিস বেগম গৃহিণী। অভাব-অনটনের সংসারেও ছেলের পড়াশোনার স্বপ্ন থামিয়ে দেননি তারা।

কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই জানতে পারেন, বিসিএসের মাধ্যমে এএসপি হওয়া যায়। তখনই লক্ষ্য স্থির করেন পুলিশ ক্যাডারে যোগ দেবেন।

৪৫তম বিসিএসে প্রিলিমিনারিতেই বাদ পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে প্রস্তুতি চালিয়ে যান। ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পাওয়ার পর এবার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন।

বাচ্চু রহমান জানান, নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা পড়তেন। নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও সাইবার অপরাধের খবর তাকে নাড়া দিত। মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই তিনি পুলিশ ক্যাডারকে বেছে নিয়েছেন।

তিনি বলেন, পদ বা পদবি নয়, একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করাই তার সবচেয়ে বড় লক্ষ্য।

যশোরের কেশবপুরের এই কৃতী সন্তানের অসাধারণ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন এলাকাবাসী।