২৬ অক্টোবর ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচন

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ আগামী ২৬ অক্টোবর ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৫ বছর পর এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও ২টি সাংগঠনিক সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রার্থীরা হলেন, সভাপতি পদে উপজেলা বিএনপির সদ্যবিদায়ী আহবায়ক ও সাবেক ৩ বারের সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক আশফাকুজ্জামান খান রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে ২টি সাংগঠনিক সম্পাদক পদে পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি গোলাম কাদের বাবলু, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহম্মেদের ছেলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিন আহম্মেদ লড়ছেন। এবারের নেতা নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের ৭১জন করে মোট ৭শ ৮১জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই প্রচারণায় ব্যস্ত সময় ব্যয় করছেন। সমর্থন আদায়ে দিনরাত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

এরআগে গত ২০ জুলাই ঝিকরগাছা উপজেলা বিএনপির নির্বাচনের দিন ধার্য থাকলেও সে সময় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া অনুমতি না দেওয়ায় নির্বাচন স্থগিত করা হয়।

যশোর জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কশিশনার সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আগামী ২৬ অক্টোবর ঝিকরগাছা বিএম হাইস্কুলে ঝিকরগাছা উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাউন্সিলররা ভোট দিতে পারবেন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম ও হাজী আনিছুর রহমান মুকুল।