২০ গ্রামের মানুষের চলাচলের ভোগান্তি কমাতে পারে একটি সেতু

0

প্রদীপ বিশ্বাস, বাঘারপাড়া (যশোর)॥ বাঁশের সাঁকোই দুই পারের ২০ গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। বাঘারপাড়া উপজেলার উত্তর সীমান্তের খানপুর বাজারের উত্তর পাশের চিত্রা নদীতে স্থানীয়রা নিজেদের অর্থে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন। এলজিইডি বা পানি উন্নয়ন বোর্ড কোনো দপ্তরই সেতু নির্মাণের দায়িত্ব নিতে নারাজ।
অন্যদিকে মাগুরার শালিখা উপজেলার দক্ষিণ সীমানার নদী চিত্রা। উত্তর পাড়ের গ্রাম হরিশপুরের মাঝে চিত্রা নদীর দক্ষিণ পাড়ে খানপুর শিববাড়ির ঘাট। বাঁ দিকের শাখাটি বাঘারপাড়া উপজেলার খাজুরা, বন্দবিলা, গাইদঘাট, সীমাখালী ও নারকেলবাড়িয়ার মধ্য দিয়ে মাগুরার শালিখা উপজেলার পুলুমে কাজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ডান দিকের শাখাটি বাঘারপাড়া উপজেলার বিল জলেশ্বরের ভেতর দিয়ে এঁকেবেঁকে প্রবাহিত হয়েছে।স্বাধীনতার ৫২বছর পেরিয়ে গেলেও আজও এস্থানে সেতু নির্মাণ হলো না।
ঘাটের পাড়েই খানপুর বাজার, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা রয়েছে। ঝুঁকিপূর্ণ এ বাশেঁর সাকোঁ দিয়ে কয়েক শ শিক্ষার্থী প্রতিদিন স্কুল ও মাদ্রাসায় যাওয়া আসা করে থাকে। প্রয়োজনে প্রতিদিন লোক জীবনের ঝুকি নিয়ে এই বাঁশেri সাঁকো দিয়েই পারাপার হয়ে থাকে।
এখানকার বাসিন্দাদের এমন দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেছেন ।প্রতিবছর দুপাড়ের মানুষের স্বেচ্ছাশ্রমে নিজেদের প্রয়োজনে বাশেঁর সাঁকো নির্মাণ করে থাকেন। চাঁদা তুলে বাঁশখুঁটি কেনেন খানপুর বাজার কমিটি। একপর্যায়ে বাঁশের সাঁকোটি ভেঙে গেলে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ চরমে পৌছে যায়।
বাজার কমিটির সভাপতি অশোক বিশ্বাস জানান, সপ্তাহে দুদিন শুক্র ও সোমবার হাট বসে। নদীর উত্তর পাড়ের শালিখা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে আসেন এ হাটে। এছাড়া কয়েক শ শিক্ষার্থী পারাপার হয় এ সাঁকো দিয়ে।
বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, খানপুর বাজারের কাছের চিত্রা নদীতে সেতু নির্মাণ আমাদের এখতিয়ারে না। তাছাড়া উল্লিখিত স্থানে এলজিইডির কোনো রাস্তা নেই। যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জিএম রাইসুল ইসলাম বলেন, দুই পারে যে অধিদপ্তরের রাস্তা থাকবে সেতু নির্মাণও তাদের দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড কোনো সেতু নির্মাণ করে না।