১৭ বছরের নির্বাসন শেষে ফিরছেন আগামীর কাণ্ডারি: বিমানবন্দর থেকে সরাসরি যাবেন মায়ের কাছে

0
১৭ বছরের নির্বাসন শেষে ফিরছেন আগামীর কাণ্ডারি বিমানবন্দর থেকে সরাসরি যাবেন মায়ের কাছে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের এই ফেরা হবে বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে বড় এবং অনন্য সাধারণ এক ঘটনা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা চাই তাঁর এই প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের সব দৃষ্টান্তকে ছাড়িয়ে যাক এবং আগামী ৫৫ বছরেও যেন এমন ঐতিহাসিক ঘটনা আর না ঘটে।”

এর আগে সকালে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মওদুদ আলমগীর পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম। পরিদর্শনকালে তাঁরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ও সমন্বয় বিষয়ে বৈঠক করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা অবতরণ করবে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন। এরপর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন। তাঁর আগমন ঘিরে বিমানবন্দর থেকে হাসপাতাল ও বাসভবন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় করছে বিএনপির বিশেষ নিরাপত্তা টিম। দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।