১০ মিনিটেই সাত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দেরি করে আসায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি সাত পরীক্ষার্থী। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তারা হলেন ময়মনসিংহের রিফাত খলিফা, মো. রাকিব হোসেন, ফারিহা আক্তার, গাজীপুরের সাদিয়া আক্তার বৃষ্টি, নোয়াখালীর আরিফুল ইসলাম, শেরপুরের তাহমিনা রিতু এবং রংপুরের আকবর হোসেন।
পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় কবি নজরুল কলেজ গেটে কান্নায় ভেঙে পড়েন সাদিয়া আক্তার বৃষ্টি (১৮)। তিনি বলেন, পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাসা থেকে পড়াশোনার জন্য তেমন কেউ রাজি নেই। টিউশনি করিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষার আবেদন করি। সকালবেলা হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা দিতে আসবো কি আসবো না ভেবে পাচ্ছিলাম না। পরে মা বললেন, পরীক্ষা দিয়ে আসতে। অসুস্থ মাকে বাসায় একা রেখে পরীক্ষা দিতে আসলাম। কিন্তু পরীক্ষার হলে আসতে আসতে আমার প্রায় ১১-১২ মিনিট দেরি হয়ে যায়। এজন্য আমায় আর পরীক্ষা অংশগ্রহণ করে দেয়নি। আমার পড়াশোনার স্বপ্নটা শেষ হয়ে গেলো। ১২ মিনিট দেরি করে আসায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি রিফাত খলিফা। তিনি বলেন, ময়মনসিংহ থেকে কাল রাতেই আমি এক বড় ভাইয়ের মেসে উঠি। সকালবেলা উবারে করে আসার সময় প্রথমে ভুল করে অন্য জায়গায় চলে যাই। পরবর্তীতে ওখান থেকে তাড়াহুড়ো করে এখানে আসি। কিন্তু ১২ মিনিট দেরি করার কারণে আমাকে আর কেন্দ্রে ঢুকতে দেয়নি। কতো অনুনয়বিনয় করা সত্ত্বেও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।
তাহমিনা আক্তার রিতু নামের আরেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, যানজট বা বৃষ্টি এই দুটোর কোনোটাই আমার পরীক্ষা দিতে না পারার জন্য দায়ী নয়। আমার কপাল খারাপ। স্বপ্ন ছিল ইডেন কলেজে পড়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মাত্র সাত মিনিট দেরি করে আসায় আমাকে দারোয়ান পরীক্ষার হলে ঢুকতে দেয়নি। আমি অনেক অনুরোধ করার পরও কোনও লাভ হয়নি। কি করবো বুঝতেছি না। আমি আর কোথাও ভর্তির জন্য আবেদনও করিনি। কবি নজরুল সরকারি কলেজে দায়িত্বরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, সাত কলেজের সকল নিয়মকানুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলেই চলে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ১০টার পর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার অনুমতি নেই। এজন্য আমরা তাদের কেন্দ্রে প্রবেশ করতে দিইনি। তবু মানবিকতার দিক থেকে দু-চার মিনিট দেরি করে আসলেও মাঝেমধ্যে কেন্দ্র প্রবেশের অনুমতি দেওয়া হয়। মূলত প্রশ্নফাঁসের শঙ্কা থেকেই দেরিতে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। গত ৫ এবং ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য ইউনিটে পাসের হার প্রায় ৭৩ শতাংশ এবং বিজ্ঞান ইউনিটে পাসের হার ৫৭.৭০ শতাংশ। আজকের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।