হাদির মৃত্যুর খবরে যবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যবিপ্রবির প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”, “যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও”, “ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ”, “আপোস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম” এবং “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”-এমন বিভিন্ন স্লোগান দেন।

প্রধান ফটকের সামনে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ইএসটি বিভাগের শিক্ষার্থী মো. ওসামা, জিইবিটি বিভাগের শিক্ষার্থী জালিস মাহমুদ, পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. সাফি এবং আইপিই বিভাগের শিক্ষার্থী সিয়াম মিনহাজ।

সমাবেশে ওসামা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে শরিফ ওসমান হাদিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আমরা স্পষ্ট করে বলতে চাই-আগামী দিনে কেউ যদি বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়, তবে বাংলাদেশের যুবসমাজ তা কখনো মেনে নেবে না। দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।