হরিণাকুণ্ডু’র তাহেরহুদা ইউপির গোডাউন থেকে ৩৮ বস্তা ভিজিএফ চাল জব্দ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদ (ইউপি) অফিসের গোডাউন থেকে ৩৮ বস্তা (১৯০০ কেজি) ভিজিএফ কর্মসূচির চাল জব্দ করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ইউপি কার্যালয়ের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান খবর নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি সেখানে যান। পরে পরিষদের গোডাউনে ৩৮ বস্তা চাল দেখতে পান। সেগুলো ওই ইউনিয়ন পরিষদের গোডাউনে সিলগালা করে ররখে এসেছি। স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে ওই ইউনিয়নের ৩ হাজার ৬১২জন হতদরিদ্র মানুষের জন্য ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। দুস্থদের তালিকা করে তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ সবাইকে ঈদের আগে চাল না দিয়ে অসৎ উদ্দেশ্যে ইউপি কার্যালয়ে ওই চাল রেখে দেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই অভিযোগ করেন, ঈদের আগে সব চাল দুস্থদের মাঝে বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান ৩৮ বস্তা চাল বিতরণ না করে সেগুলো বিক্রির জন্য নিজ কার্যালয়ে রেখে দেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি উদ্ধার করেন। চালগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই চেয়ারম্যান রেখেছিলেন বলে তাদের দাবি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ বলেন, ঈদের আগে দুস্থদের তালিকা করা হয়েছিল। তাদের অনেকে চাল নেয়নি। সেই চাল পরিষদের গোডাউনে রাখা ছিল। চাল গ্রহণকারীদের তালিকা এবং মাস্টাররোলও রয়েছে। এখন তালিকা অনুযায়ী সেই মানুষদের অনেকেই চাল নিতে আসছে। কোনও অসৎ উদ্দেশ্যে এই চাল রাখা হয়নি। ইউএনও সুস্মিতা সাহা বলেন, স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে অভিযোগ পাওয়ার পর সেখানে পিআইওকে পাঠিয়েছিলাম। ওই ইউনিয়নের গোডাউনে ৩৮ বস্তা চাল পাওয়া গেছে। সেগুলো সিলগালা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নে ভিজিএফ চালের কার্ড প্রকাশ্যে বিক্রি করা হলেও ইউএনও সুস্মিতা সাহা দৃশ্যত কোনও ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়।