হরিজনদের বাদ দিয়েই যশোর পৌরসভার ময়লা আবর্জনা অপসারণ শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে হরিজনদের বাদ দিয়েই ময়লা আবর্জনা অপসারণের কার্যক্রম শুরু করেছে যশোর পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কার্যক্রমের প্রথম দিনে পৌরসভার ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ময়লা আবর্জনা অপসারণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পৌরসভার কঞ্জারভেন্সি ইনস্পেক্টর আব্দুর রাজ্জাক মন্টু। তিনি জানান,দৈনিক হাজিরা ভিত্তিতে ২৫ জন শ্রমিক নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ৩ নম্বর ওয়ার্ডের দড়াটনা থেকে জেল রোড, ১ নম্বর ওয়ার্ডের সমগ্র বারান্দিপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া কাঁঠালতলা, পালবাড়ী, আমতলা এলাকার ময়লা আবর্জনা অপসারণ করা হয়। আব্দুর রাজ্জাক মন্টু আরও জানান ২৫ জন শ্রমিকের পাশাপাশি একটি এসকেভেটর, ৯ টি খোলা ট্রাক ও তিন কন্টেইনার ট্রাকের সাহায্যে ময়লা অপসারণ করা হয়। পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকসিমুল বারী অপু ময়লা অপসারণ কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার সাথে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকশৌলী বি এম কামাল আহমেদ, কঞ্জারভেন্সি ইনস্পেক্টর দেলোয়ার হোসেন, নয়ন উজ্জামান, আবুু বকর ও মেহেদী হাসান। ময়লা আর্বজনা অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে এমনটি জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।