অভয়নগরে ১৯৮ বোতল মাদকসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় রকিবুল ইসলাম (২৮) নামে এক গাড়িচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বাশুয়াড়ী চৌরাস্তার মোড়ে অভয়নগর থানা পুলিশের স্থাপিত চেকপোস্টে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক রকিবুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া থানার রঘুনাথপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, প্রাইভেটকারটি তল্লাশি করে ৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল উইংক্রকসহ মোট ১৯৮ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তি, জব্দ প্রাইভেটকার ও উদ্ধার করা মাদকদ্রব্য অভয়নগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।