বাঘারপাড়ায় বৃষ্টিতে আমনের ক্ষতির আশঙ্কা

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলায় মঙ্গলবার রাতে হঠাৎ বৃষ্টি, ঝড়ো হাওয়া ও কোথাও কোথাও শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতি হয়েছে। এতে মাঠের উপজেলা বেশিরভাগ এলকার ধানেরগাছ মাটিতে ঢলে পড়েছে। কিছু নিচু জমিতে পানিও জমেছে। আবার মাঠে বিছানো কাটাধানও ভিজে গেছে। ফলে কৃষকের ব্যয় বাড়ার আশঙ্কা করেছেন অনেকে। আছে ফলন কমার শঙ্কাও।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতের বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়ে। বিশেষ করে যেসব জমির ধান এখনো সবুজ রয়েছে, সেসব জমির ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আগাম পেকে যাওয়ায় যেসব জমিতে ধান কেটে রাখা হয়েছিল, সেগুলো বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জমিতে পানি জমে গেছে।

উপজেলার ধানের আবাদে ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন কৃষকেরা। আগাম পেকে যাওয়ায় এ জাতের অধিকাংশ ধান আগেই কেটে রাখা হয়েছিল। বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় তা শুকানো ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। উপজেলার কয়েকটি বিলের মধ্যে বিল জালেশ্বর, ভোগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠের ধানের বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর গ্রামের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, কাটা ধানের ক্ষতি হয়েছে বেশি। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। আবার শিলার কারণে ফলন কম হবে। পাশাপাশি ধান ঘরে তুলতে শ্রমিক খরচও বেশি লাগবে।

পাইকপাড়া গ্রামের আক্তারুজ্জামান বলেন, জলেশ্বর মাঠের অধিকাংশ জমির হাবু ধান কেটে জমিতে বিছিয়ে রাখা হয়েছিল। বিলটি তুলনামুলক নিচু হওয়ায় বৃষ্টিতে মাঠের ধান পানির ওপর ভাসছে। এতে ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উৎপাদন খরচও বেড়ে যাবে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। বিভিন্ন জাতের মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর।

এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এ ছাড়া ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও চাষ করেছেন কৃষকেরা। সব মিলিয়ে উপজেলায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।

বৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা নাকচ করে উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন, ঢলে পড়া জমিতে অধিক পানি জমলে বা শিলাবৃষ্টিতে ফলন কিছুটা কম হবে।

এছাড়া বৃষ্টির কারণে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। সামগ্রিকভাবে ফলন কম হওয়ার আশঙ্কাও নেই।