সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ আশাশুনি-সাতক্ষীরা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশুতোশ রায় (৫৫) আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন সানার ছেলে। তিনি বর্তমানে আশাশুনি সদর গ্রামে বসবাস করছেন।
আশাশুনি থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম জানান, আশুতোশ রায় আশাশুনি উপজেলার বুধহাটা থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে আশাশুনি আসছিলেন। পথে চিলেডাঙ্গা মোড় পার হয়ে চাপড়া গ্রামে ঢোকার মুখে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।