স্বৈরাচারের দোসরদের যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ।। গণহত্যাকারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এবং কথিত শান্তি সমাবেশের নেতৃত্ব দানকারীদের যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক,চিকিৎসক কর্মকর্তা-কর্মচারী আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয় ।

মানববন্ধনের বক্তারা বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসেবে যশোরের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে কোনভাবেই এই যশোরের কোন স্বাস্থ্য বিভাগে তাদের জায়গা হবে না। খুলনা বিভাগে পতিত স্বৈরাচার শেখ হাসিনার স্বাস্থ্য বিভাগের এক নম্বর দোসর মেহেদি নেওয়াজ খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। আজকে তাকে যশোর মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। তিনি সরাসরি যোগদান করতে না পেরে অনলাইনের মাধ্যমে যোগদান করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কোনভাবে পতিত স্বৈরাচারের এই দোসরকে যশোর মেডিকেল কলেজে যোগদান করতে দেওয়া হবে না । মেহেদী নেওয়াজের মত শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। আজকে অনেকে তাদের অপকর্ম থেকে রক্ষা করার চেষ্টা করছে। এমনকি তাদের শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. এস এম আবু আহসান লাল্টু, ওবায়দুল কাদের উজ্জ্বল, ফারুক এহতেশাম পরাগ, ওহিদুজ্জামান আজাদ, রবিউল ইসলাম তুহিন, শরিফুল আলম খান, এস এম নাজমুল হক, শরিফুজ্জামান রঞ্জু প্রমুখ।