সৌন্দর্য বিলোচ্ছে মল্লিকবাড়ি-গরীবপুর সড়কের নারিকেল গাছ

0

 

মুকুরুল ইসলামি মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মল্লিকবাড়ি-গরীবপুর সড়কটি স্থানীয়সহ পাশ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষের কাছে জনপ্রিয় একটি সড়কে পরিণত হয়েছে। বিএনপি  সরকারের শাসনামলে সড়কটির দুই পাশ দিয়ে রোপণ করা হয় অসংখ্য নারিকেল গাছ। প্রতিটি গাছ এখন অনেক বড় হয়েছে, সৃষ্টি করেছে অপরূপ সৌন্দর্য। কর্মব্যস্তার মাঝে অনেকে কিছুটা প্রশান্তির জন্যে ছুটে আসেন এই সড়কে। আর বার্ষিক উৎসবগুলোতে সড়কে ঢল নামে মানুষের। পবিত্র ঈদুল ফিতরের দিন হতে এখনও সড়কটিতে মানুষের ভিড়।
চৌগাছা-যশোর সড়কের মল্লিকবাড়ি নামক স্থানটি অত্যন্ত পরিচিত একটি এলাকা। মল্লিকবাড়ি মোড় হতে দক্ষিণে আঁকাবাঁকা হয়ে সড়কটি মিশেছে গরীবপুর নিউ মার্কেট সড়কে। সারিবদ্ধ নারিকেল গাছের কারণে সড়কটির পরিচিতি এখন চৌগাছার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে জানালেন ঘুরতে আসা নানা বয়সের মানুষ।
রোববার (৩০ এপ্রিল) পড়ন্ত বিকেলে সরেজমিন দেখা যায়, গোটা সড়কটি মানুষের পদচারণার মুখর। ঈদ শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ। তারপরও এই সড়কে গেলে অনেকের মনে হবে এখনও চলছে ঈদের আমেজ। অনেকে বাড়ির ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে ফাঁকা মাঠের মাঝে মনোরম এই পরিবেশে এসেছেন ঘুরতে। অনেকে এসেছেন বন্ধু বা পরিবার পরিজন নিয়ে।
সড়কে ঘুরতে আসা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের কবির হোসেন নয়ন বলেন, ঈদে চৌগাছার খালা বাড়িতে বেড়াতে এসেছিলাম। লোকমুখে শুনে এই স্থানটিতে ঘুরতে এসেছি। অসাধারণ ভালো লাগছে, আমি মুগ্ধ। চৌগাছার কৃতী সন্তান লন্ডন প্রবাসী হাসান মাহমুদ রাজ পবিত্র ঈদুল ফিতরের একদিন আগে বাড়িতে এসেছেন পিতা- মায়ের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির জন্যে। তিনিও রোববার বিকেলে এসেছেন মনোমুগ্ধকার এই স্থানটিতে। তিনি বলেন, প্রায় ১৫ বছর যাবত লন্ডনে অবস্থান করছি। সেভাবে বাড়িতে আসা হয়না। এবার ঈদে বাড়িতে এসে বন্ধুদের সাথে স্থানটিতে ঘুরতে এসেছি। এতো ভালো একটি পরিবেশ যা ভাষায় বোঝানো কষ্টসাধ্য। ফাঁকা মাঠ। মাঠের মাঝ দিয়ে সড়ক। সেই সড়কের পাশে উঁচু উঁচু নারিকেলের সারি। আবার পাশেই সোনালী ধানের শীষ। অপরূপ এক সৌন্দর্য। মধ্যবাড্ডা হতে মিজানুর রহমান হৃদয় এসেছেন চৌগাছায় নিকট আত্মীয়ের বাড়িতে। তিনিও লোকমুখে শুনে এসেছেন এই স্থানটিতে।
সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক বলেন, মল্লিকবাড়ি-গরীবপুর সড়কটির দৈর্ঘ্য দেড় থেকে দুই কিলোমিটার। এই সড়কের ফাঁকা স্থানে মাঠের মধ্যে নারিকেল গাছ রোপণের কারণে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি দিনই সময় পেলে অনেকে এখানে ঘুরতে আসেন। প্রতিটি গাছ সংরক্ষণের পাশাপাশি ফাঁকা স্থানগুলোতে নতুনভাবে গাছ রোপণের পরিকল্পনা আছে।