সেলফি তুলে ডুবন্ত সরকারকে বাচাঁনো যাবে না: হেলাল

0

 

 

খুলনা ব্যুরো॥ সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ডুবন্ত সরকারকে বাচাঁনো যাবে না। বিরোধীদলের নেতা-কমীদের গ্রেফতার করে, জেলে বন্দি রেখে লুটেরা সরকার ক্ষমতা টিকতে পারবে না উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের জনগণ আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। অবৈধ সরকারকে বিদায় করেই জনগণ ঘরে ফিরবে। গায়েবী মামলা দিয়ে-গায়েবী ভোটার তৈরি করে অথবা অন্যকোন অপকৌশলে তারা আর ক্ষমতায় যেতে পারবে না। সোমবার বিকেলে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতার মুক্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, নিশিরাতের অবৈধ সরকারের পক্ষ নিয়ে জনগণের বিপক্ষে অবস্থান করলে পরিণাম শুভ হবে না। সবকিছুই বিএনপি মনে রাখবে। কয়রা-পাইকগাছা থেকে খুলনায় সমাবেশে যোগদান করতে আসার সময় নেতাকর্মীদের বাধা দেয়ার নিন্দা জানিয়ে ভবিষতের জন্য আরো বেশি সর্তক হতে পুলিশের প্রতি আহবান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে। দেশের মানুষ আজ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, সারাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, মাহমুদা আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, শামসুল আলম পিন্টু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল প্রমুখ। বিকেল ৩টা থেকে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কারাবন্দি নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান সহকারে কেডি ঘোষ রোডের সভাস্থলে জমায়েত হতে থাকেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতে কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, হেলাতলা রোড কানায় কানায় পূর্ণ হয়ে যায়।