ফুলের রাজধানী গদখালীতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশ

0
গদখালীতে আয়োজিত জনসচেতনতামূলক সভায় বক্তব্য দিচ্ছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন।। ছবি: ভিডিও থেকে নেওয়া

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার হাড়িয়া ফুল মোড়ে ঝিকরগাছা থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী, নাভারণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মিনু, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি, প্রেসক্লাবের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল খায়ের, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম লিন্টু ও মোশাররফ হোসেন, যশোর ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, পানিসারা ইউনিয়ন বিএনপি নেতা মীর ফয়েজ আহমেদ এবং ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুজ্জামান নাহিদ।

ফুলের রাজধানী গদখালীতে মাদক ও অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের একটি মুহূর্ত।। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এএসআই মাসুদ রানা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক হুমকি এবং এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধ প্রবণতা কমানো সম্ভব এবং পাশাপাশি বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, এই সচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।