সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
দেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া এলাকা সশরীরে পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে সশরীরে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠপর্যায়ে উপস্থিত হয়ে সেনাসদস্যদের সঙ্গে এতটা দীর্ঘ সময় অতিবাহিত করলেন।

আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন তিনি। সেখানে বিস্তীর্ণ প্রশিক্ষণ মাঠ পায়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে সেনাবাহিনীর চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি অত্যন্ত বাস্তবধর্মী ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।
মাঠপর্যায়ে মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার ও চা পানে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত
এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের নানা দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে সরাসরি মতবিনিময় করেন।

গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তিনি তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে আন্তরিক উৎসাহ প্রদান করেন।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পানে অংশ নেন। দেশের সরকারপ্রধানকে এভাবে মাঠপর্যায়ে নিজেদের মাঝে দীর্ঘ সময় পেয়ে উপস্থিত সেনাসদস্যদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

পরে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখে। জাতীয় সংকট নিরসন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।