২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩

0
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৯৩ জন। চলতি বছরে মোট ডেঙ্গু মৃত্যু বেড়ে ১৮৪ জন এবং আক্রান্ত ৬১,৯৭২ জনে পৌঁছেছে।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৮৪ জনে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করেছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে রয়েছেন। আঞ্চলিক পর্যায়ে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি বৃদ্ধির এই চিত্রে উদ্বেগের বার্তা দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে আরও জানানো হয়, সারা দেশে চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৮৭ জন।

চলতি সেপ্টেম্বর মাসেই এ বছরের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী প্রাণ হারিয়েছেন। মাসের প্রথম ২০ দিনেই মারা গেছেন ৮৭ জন। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।