সুন্দরবন থেকে অস্ত্রসহ ৩ দস্যু গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা॥ সুন্দরবনে জেলে অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে তিন বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। সোমবার ভোরে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল গ্রামের মিরাগামারী খালের উত্তর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, কাঠের বাটসহ ২টি রামদা,২ টি লোহার রডসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেরুলুর রহমান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলমসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গ্রেফতাররা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মৃত মকবুল ফরাজীর মাসুম ফরাজী(৩৫), একই গ্রামের আব্বুস কবিরাজের ছেলে হাছান কবিরাজ(৩০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ারী গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে আলমগীর হোসেন হাওলাদার(৫০)। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, সম্প্রতি সুন্দরবন থেকে মাছ ধরার সময় কয়েকজন জেলেকে অপহরণ করে বনদস্যুরা। কৌশলে জেলেদের উদ্ধার করলেও বনদস্যুরা অধরা ছিল। কিন্তু পুলিশের অভিযান অব্যাহত ছিল। এই ধারাবাহিকতায় মিরাগামারী খালের উত্তর পাড় থেকে অস্ত্রসহ তিন বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।  পুলিশ সুপার আরও বলেন, এই দস্যুরা কেউই আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যু নয়। এরা সবাই এক সময় সুন্দরবনে জেলে হিসেবে মাছ আহরণ করত। কিন্তু হঠাৎ করে তারা দস্যুতায় লিপ্ত হয়।