সুন্দরবনে যৌথবাহিনীর অভিযানে দুই পর্যটকসহ তিনজন উদ্ধার

তিন ডাকাতসহ আটক- ৬

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে ডাকাতদলের হাতে জিম্মি থাকা দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় আটক করা হয়েছে ৩ ডাকাতসহ ৬ জনকে। গত রোববার (৪ জানুয়ারি) সুন্দরবনে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সমন্বয়ে নৌ-বাহিনী,পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে জিম্মিদের উদ্ধার করা হয়।

সোমবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে পাঁচজন পর্যটক, একজন মাঝি এবং রিসোর্ট মালিকসহ সাতজন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি দল ধরে নিয়ে জিম্মি করে।

ডাকাতদল তিনজন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও দুই পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযান চলাকালীন গত ৩ জানুয়ারি ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসানকে (১৯) সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

পরবর্তীতে গত ৪ জানুয়ারি সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে ডাকাত সহযোগী আলম মাতব্বরকে (৩৮) আটক করা হয়। একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে(৩০) ৮১ হাজার ৪শ টাকাসহ আটক করা হয়।

এদিন (৪ জানুয়ারি) রাত ৭ টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে জিম্মিকৃত দুই পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল- হক আরও বলেন, উদ্ধারকৃত পর্যটকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় খুলনার দাকোপ থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। দাকোপ থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটক ৬ জনকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে খুলনায় আদালতে পাঠানো হয়েছে।