সুন্দরবনে যুক্ত হলো বনবিভাগের দুটি লঞ্চ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বিদেশি পর্যটক ও রাষ্ট্রীয় অতিথিদের ভ্রমণে সুন্দরবনে এবার যুক্ত হয়েছে আবাসন সুযোগ সুবিধার দুটি লঞ্চ। সুন্দরবন পূর্ব বিভাগে ‘এমভি বন বিহারিণী’ ও ‘এমভি বন মালা’ নামে লঞ্চ দুটি হস্তান্তরের পর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলার ফুয়েল জেটিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর উদ্ধোধন করেন।
এছাড়া এদিন সুন্দরবন কেন্দ্রিক অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালাতে ‘ স্মার্ট পেট্রোলিং’ টিমের জন্য দুটি ফাইবার বডি ট্রলার ও দুটি ওপেনটাইপ স্পিডবোট হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায়ে শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় তৈরি করা হয় এসব জলযান।
সুন্দরবন বিভাগে এসব জলযানের হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, সুন্দরবন শব্দটা আমার কানে আসলেই ছুটে যাই সেখানে। এলাকার উন্নয়নের চেয়ে বন কেন্দ্রিক নানা অপরাধ ঠেকাতে বিভিন্ন প্রতিরোধমূলক কাজ করেছি’। পরে উপমন্ত্রী সুন্দরবন বিভাগে যুক্ত হওয়া লঞ্চ ‘ বন বিহারিণী’ তে করে বনের করমজল ও ঢাংমারীতে ভ্রমণে যান। এসময় তার সাথে ছিলেন- মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সি এফ) মিহির কুমার দো, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায়ে শীর্ষক কারিগরি প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম ও করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির।