সুন্দরবনে ফাঁদসহ ৪ শিকারী আটক কাঁকড়াসহ নৌকা ও চারু জব্দ

0
ছবি: সংগৃহীত।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ পূর্ব সুন্দরবনের মৃগামারী খালে শনিবার ভোরে হরিণ ধরার ফাঁদসহ ৪ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় নৌকাসহ আড়াই মণ কাঁকড়া ও নিষিদ্ধ চারু জব্দ করা হয়েছে। আটক শিকারীদের এদিন দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটক শিকারীরা হচ্ছে, মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের একাধিক বন মামলার আসামি ফরিদ হাওলাদার (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জোমাদ্দার (৩৩) ও রুহুল জোমাদ্দার (৩৫)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে শনিবার ভোররাতে সুন্দরবনের মৃগামারী খালে অভিযান চালায়।

এ সময় নৌকাসহ চার হরিণ শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে নৌকায় তল্লাশী চালিয়ে ৩শ ফুট হরিণ ধরা মালা ফাঁদ, ৭টি ঝুড়িতে রাখা আড়াই মণ কাঁকড়া ও কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারুসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার ভোররাতে মৃগামারীতে আটক এই ৪ শিকারী সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের অপচেষ্টা চালায় এবং কাঁকড়া ধরে।

আটক ফরিদ একজন কুখ্যাত হরিণ শিকারি। তার বিরুদ্ধে একাধিক বন মামলা চলমান রয়েছে। জেল থেকে জামিনে বের হয়ে সে আবার হরিণ শিকারে নেমে পড়েছে। আটক ৪ শিকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার (৪ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।