পুলিশ পরিচয়ে প্রেম, ৩০ লাখ টাকা ও ৫ ভরি সোনা হাতিয়ে নেওয়া প্রতারক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ অফিসার পরিচয়ে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৩৭) নামে এক প্রতারক আটক হয়েছে। গত শুক্রবার গভীর রাতে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় থেকে তাকে আটক করে কোতয়ালি থানার পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আটক বিল্লাল হোসেন বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে। ভুক্তভোগী নারীর (৩০) বাড়ির মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে।

বর্তমানে তিনি যশোর শহরের শংকরপুরের বাসিন্দা। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী। ৮/৯ মাস আগে হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে বিল্লাল হোসেন নামে ওই প্রতারকের সাথে তার পরিচয় হয়। তাদের মধ্যে মাঝে মধ্যে কথা হতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে।

এরই মধ্যে বিল্লাল হোসেন তাকে বিয়ের প্রস্তাব দিলে ভুক্তভোগী নারী এতে রাজী হননি। পরবর্তীতে বিল্লাল হোসেন শংকরপুরে ওই নারীর বাড়িতে একাধিকবার যাতায়াত করেন এবং নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন।

তাছাড়া পুলিশ অফিসার হিসেবে বিশ্বাস করাতে ওই নারীকে ঢাকায় নিয়ে যান বিল্লাল হোসেন। তাকে ঢাকার বিভিন্ন অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর বিয়েতে রাজী হলে নানা কৌশলে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় ভুক্তভোগী নারীর কাছ থেকে মোট ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পর ওই নারীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন।

বাধ্য হয়ে ভুক্তভোগী নারী কোতয়ালি থানায় মৌখিক অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সাহায্যে প্রতারক বিল্লাল হোসেনের অবস্থান শনাক্তের পর গত শুক্রবার গভীর রাতে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করেন এসআই আব্দুল্লাহ আল মামুন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেনে নারীর সাথে প্রতারণার কথা স্বীকার করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন।