যবিপ্রবিতে বৈজ্ঞানিক লেখালেখিতে দক্ষতা অর্জন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) টেকসই গবেষণা ও বৈজ্ঞানিক লেখালেখিতে দক্ষতা অর্জন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। একইসাথে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বর্তমান বিশ্বে কেবল গবেষণার জন্যই গবেষণা করা হয় না, বরং গবেষণার ইমপ্যাক্ট বা সমাজ ও শিল্পক্ষেত্রে এর বাস্তব প্রভাব কতটুকু, তা সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। তাই আমাদের তরুণ গবেষকদের অবশ্যই সমাজের সমস্যা সমাধানকারী এবং ইমপ্যাক্টফুল গবেষণায় মনোযোগী হতে হবে।

বৈজ্ঞানিক লেখালেখি ও গবেষণার নৈতিকতা নিয়ে তিনি বলেন, গবেষণায় ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই কাম্য নয়। অনেক সময় শিক্ষার্থীরা নেতিবাচক ফলাফল প্রকাশ করতে ভয় পায়, কিন্তু নেতিবাচক ফলাফলও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সততার সাথে সঠিক তথ্য ফুটিয়ে তুলতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন ও যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, সেমিনারের আহবায়ক ড. জান্নাতুল কাওসার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের সভাপতি, সহ-সভাপতিসহ প্রমুখ।