রামপালে শ্যালকের হুমকিতে নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

0
ভুক্তভোগী আ. সালাম হিজবুল্লাহ, ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে সদ্য বিবাহিত স্ত্রী ও শ্যালকের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রামপাল থানায় এ নিয়ে অভিযোগ করেন স্বামী আব্দুস সালাম হিজবুল্লাহ।

লিখিত অভিযোগে তিনি জানান, দুই মাস আগে দুই পরিবারের সম্মতিতে উপজেলার কদমদি গ্রামের আল আমিন শেখের মেয়ে আফরিনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর স্ত্রী আফরিন তার শ্বশুর ও শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন। পরে স্ত্রী আফরিন তার স্বামীর সংসার ত্যাগ করে পিতার বাড়িতে চলে যান।

পরে তার শ্যালক আরাফাত শেখ মোবাইল ফোন করে ভগ্নিপতি আব্দুস সালামকে হত্যার হুমকি দেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ কারণে তারা নিরাপত্তা চেয়ে রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আরাফাত শেখের কাছে জানতে তাকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।