যশোর বোর্ডে এইচএসসির দ্বিতীয় দিনেও কোনো বহিষ্কার নেই, অনুপস্থিত ২৩৬২

0
ছবি: সংগৃহীত।

বিশেষ প্রতিনিধি ॥ কোনো ধরনের বহিষ্কার ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে যশোর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১০ জেলায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী অনুপস্থিতির হার কিছুটা বেশি।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, শনিবার (৪ জুলাই) বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষায় ১০ জেলার ২৪০টি কেন্দ্রে মোট ৮৬ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ৮৪ হাজার ৪২২ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী। সেই হিসাবে দ্বিতীয় দিনে অনুপস্থিতির হার ২ দশমিক ৭২ শতাংশ।

গত বছর (২০২৫ সাল) একই বিষয়ের পরীক্ষার দিনে অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯৪ শতাংশ এবং মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৭৮৯ জন।

জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শতকরা হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল মেহেরপুর জেলায়, যার হার ৩ দশমিক ৩১ শতাংশ (৭৭ জন)। তবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল খুলনা জেলায়, যেখানে ৪৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল (হার ২ দশমিক ৮৫ শতাংশ)।

সার্বিক পরীক্ষার বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন।