সুন্দরবনের কাঁকড়া ধরার সময় ৪ জেলে আটক

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া আহরণের সময় ৪ জেলেকে আটক করেছে স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে টিমের দলপতি কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে আড়পাঙ্গাশিয়া নদী থেকে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে। এসময় জেলেদের কাছ থেকে ২টি নৌকা, ১৫ কেজি কাঁকড়া, ড্রাম, দা, ও কর্তন নিষিদ্ধ ৭৫ পিচ গরান কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঁকড়াগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
আটক জেলেরা হলেন, গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মৃত আলেক গাজীর ছেলে খবির হোসেন এবং একই এলাকার মৃত রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, নজরুল গাজীর ছেলে আমিনুর গাজী ও রফিকুল গাজীর ছেলে তরিকুল গাজী।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গত পহেলা জুন হতে ৯০ দিনের জন্য সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ এবং পর্যটক প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে। আটককৃত ৪ জেলেকে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।