সুনামগঞ্জে দু হাজার বানভাসির মাঝে যশোর ইমাম পরিষদের ত্রাণ

0

 

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন যশোর জেলা ইমাম পরিষদ। বুধবার সকাল ফজরের নামাজের পর থেকে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড এলাকা ও দুপুরের পর জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ দেয়া হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ টন চাল, ৪ টন ডাল, ৪টন চিড়া, ২ টন চিনি, ৪টন লবণ, ৬টন আলু, ২ টন তেল, ওষুধ শুকনো খাবার, কাপড় ও নগদ টাকা প্রদান করেন ইমাম পরিষদের প্রতিনিধিরা।
এরআগে গত সোমবার ইমাম পরিষদের ২৪ সদস্যর একটি প্রতিনিধি দল ৪৫ টন ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে সিলেটে যান। মঙ্গলবার সেখানে গিয়ে তারা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণের টোকেন বিতরণ করেন।
ত্রাণ বহরের নেতৃত্বে থাকা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন জানান, বুধবার ভোর ৬ টা থেকে ইমাম পরিষদের ত্রাণ বহরে থাকা ২৪ জন প্রতিনিধি দুইদলে ভাগ হয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নেন। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রলারে করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি ইমাম পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ওই এলাকার ১ হাজার মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
দুপুরের পর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতেও এভাবে ত্রাণ বিতরণ করেন যশোর জেলা ইমাম পরিষদের প্রতিনিধিরা। সেখানেও দুর্গম এলাকায় নৌকা ও ট্রলারে করে ত্রাণ বিতরণ করেন তারা। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় প্রশাসন সহযোগিতা করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, আলু, তেল, শুকনো খাবার, ওষুধ, শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা। বৃহস্পতিবার দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ শেষে ইমাম পরিষদের ত্রাণ বহরের থাকা ২৪ প্রতিনিধি যশোরে ফিরে আসবেন বলে জানান নেতৃবৃন্দ।
সমগ্র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. বেলায়েত হোসেন, মুফতি হামিদুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি মো. মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি শামসুর রহমান, হাফেজ মো. আব্দুল্লাহ, মুফতি হুসাইন আহমেদ, মুফতি কবিরুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলান জিয়উর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মুফতি আবু দারদা, মুফতি মাসুদুর রহমান, ম্ওলানানা ইমাদুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।