সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

0
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ করেই এর একটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে তিনি স্পষ্ট করেছেন।

এ ঘটনার পরপরই উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়ে আছে। ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের ট্রেনযাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ট্রেনটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডাব্লিউআই) আহসানুর রহমান বলেন, “পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। সেটি আসার পর লাইনটি সচল করা সম্ভব হবে।” ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পরই উদ্ধারকাজ শুরু করা হবে।