সিআইএ প্রধানের সাথে বারাদারের যা আলোচনা হলো

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সিআইএয়ের প্রধান উইলিয়াম বার্নসের সাথে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদারের আলোচনা হয়েছে। সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তাদের এ আলোচনা হয়। মার্কিন কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন। ১৫ আগস্ট সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান কর্তৃপক্ষ ও বাইডেন প্রশাসনের মধ্যে শীর্ষ পর্যায়ের এ বৈঠক হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ওই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি। তালেবান কর্তৃপক্ষ ও সিআইএয়ের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েও কোনো তথ্য জানানো হয়নি। কিন্তু, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে কাবুল বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারলিফট (বিমানে করে সেনা ও আফগানদের সরিয়ে নেয়ার) কার্যক্রম চলমান থাকবে কিনা? কারণ, বাইডেন নিজেই বলেছেন যে সেপ্টেম্বর মাসের ১ তারিখের আগেই সকল মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে। এ কারণে আগস্টের ৩১ তারিখের পরের সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই এয়ারলিফট কার্যক্রম ও মার্কিন সেনাদের আফগানিস্তানে অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন অবশ্য বলছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে অথবা কিছু সময়ের জন্য বিলম্বও হতে পারে। এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষ বলেছে, নির্দিষ্ট সময়ের পরও আফগানিস্তানে মার্কিন সেনাদের অব্যাহ অবস্থানের মেয়াদ আরো বাড়ানো হলে যুক্তরাষ্ট্র বিপদের মুখে পড়বে।
সূত্র : এনপিআর