ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

0
ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী কারাকাসে ব্যাপক ভবন ধসের ঘটনা ঘটেছে এবং এতে ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা করছে ইউএসজিএস।। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন, ২০২৬) সন্ধ্যায় এই জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে দেশিটি। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ১ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে ইউএসজিএস।

ভূমিকম্পের পর এখনও পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ইউএসজিএস-এর গাণিতিক মডেল অনুযায়ী, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র আশঙ্কা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

এদিকে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন স্থানে বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। দুর্যোগের কারণে পুরো এলাকায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে অসংখ্য মানুষ আটকে পড়েছেন এবং তাঁরা সাহায্যের জন্য আকুল আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে অবিলম্বে নিরাপদ খোলা স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পরবর্তী শক্তিশালী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।