সাবেক এমপি নাবিলের ক্যাডার ইউপি চেয়ারম্যান রাজু আটক

0

স্টাফ রিপোর্টার ॥ পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গ্রুপের ক্যাডার হিসেবে পরিচিত ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।  শনিবার শহরতলীর মুড়লি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক রাজু আহমেদ নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের মৃত কাওছার আলী ড্রাইভারের ছেলে। তিনি জেলা বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এম এ গফুর গত ৭ সেপ্টেম্বর রাজু আহমেদসহ ৬৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। ওই মামলা ছাড়াও রাজু আহমেদ যশোর-চুকনগর সড়কের কানাইতলায় নাশকতার চেষ্টার মামলার এজারভুক্ত প্রধান আসামি। ২০২৪ সালের ১৮ নভেম্বর বিকেলে রাজু আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টা চালান। এ ঘটনায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামের বাসিন্দা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ কে এম আকরাম হোসেন নরেন্দ্রপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৬০ জনকে আসামি করে ২০ নভেম্বর কোতয়ালি থানায় মামলা করেন।
কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রাজু আহমেদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাছাড়া তিনি বহু অপরাধের সাথে জড়িত। শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুড়লি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, আটক রাজু আহমেদ নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও মূলত তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ক্যাডার হিসেবে পরিচিত। সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের ব্যবসায়ীক পার্টনার এবং চাঁদাবাজিসহ বহু অপরাধমূলক কর্মকান্ডের হোতা।