সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক ফজলুর রহমানের ইন্তিকাল

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ কলারোয়ার কৃতিসন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ফজলুর রহমান (৪৭) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের মৃত মাস্টার আব্দুর রহিমের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রভাষক ফজলুর রহমানের ছোট ভাই নাজমুল হোসেন জানান, গত শনিবার রাত ১০ টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের বাড়িতে তার বড় ভাই (ফজলুর রহমান) বুকে ব্যথা ও শ^াসকষ্ট অনুভব করেন। ওই সময় প্রাথমিক চিকিৎসা নিলেও তার কোন উন্নতি হয়নি। পরে ভোররাতে তাকে সাতক্ষীরা ইসলামী কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভোরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এদিন বাদ জোহর কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ফজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পরিচালনা করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দেস আব্দুল খালেক। এর আগে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার, খুলনা মহানগর জামায়াতের আমির আবুল কালাম, জামায়াত নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, খুলনা দক্ষিন জেলা জামায়াতের আমীর অ্যাড. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, সাতক্ষীরার পৌরসভার মেয়র বিএনপি নেতা তাসকিন আহম্মেদ চিসতি, নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মশিউর রহমান, জামায়াত নেতা মাওলানা ওমর আলী, খুলনা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের ছোট ভাই গোলম কুদ্দুস, জেলা ছাত্র শিবিরের সভাপতি আনিছুর রহমান, খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জামায়াত নেতা শেখ ইমান আলী, কলারোয়া উপজেলা বিএনপি’র সহসভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন, বাগেরহাট জেলা জামায়াতের আমীর রেজাউল করিম প্রমুখ। বিকেলে নিজ গ্রাম কলারোয়া উপজেলার বহুড়া গ্রামের পারিবারিক কবরস্থানে জায়মায়াত নেতা ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়।