মনিরামপুরে প্রান্তিক ৩০ নারীকে প্রশিক্ষণ শেষে আর্থিক সহায়তা ও সনদ প্রদান

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে পিছিয়ে পড়া ও প্রান্তিক পেশাজীবী নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন নারীর হাতে সনদপত্র এবং পুনর্বাসন সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ২৮ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক এবং মনিরামপুর প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান। বক্তারা প্রান্তিক নারীদের এই অর্থনৈতিক সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানান।