সাকিবের সেক্রিফাইস ও সিরিজ জেতার জেদে মুগ্ধ সুজন

0

লোকসমাজ ডেস্ক॥ হাসপাতালে মা চিকিৎসাধীন। একমাত্র ছেলে ও মেজ মেয়েও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি। ভালো নেই বড় মেয়েও। এমন কঠিন সময়ে ক্রিকেটে মনোযোগ দেওয়া শুধু কষ্টসাধ্যই নয়, দুরূহ ব্যাপার। তাইতো দক্ষিণ আফ্রিকা থেকে সাকিব আল হাসানের দেশে ফিরে আসা ছিল সময়ের ব্যাপার। সাকিব ফিরবেন কি না সেই সিদ্ধান্ত বিসিবি ছেড়ে দিয়েছিল তার ওপর। আজ রাতের বিমানের টিকিটও বুকিং দেওয়া হয়েছিল। সাকিবও ব্যাগবোচকা গুছিয়ে নিচ্ছিলেন। কিন্তু খানিক বাদেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মন পাল্টে যায়। জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ওয়ানডে খেলার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। সাকিবের দেশে ফেরা কিংবা দক্ষিণ আফ্রিকায় থাকা দুটোই নির্ভর করছিল তার মা-সন্তানদের স্বাস্থ্যের অগ্রগতির ওপর। দেশ থেকে কিছুটা ভালো খবর পাওয়ায় সাকিব থেকে গিয়েছেন। তবুও এ সময়ে পরিবার ছেড়ে দূরে থাকার কষ্ট বর্ণনা করা যায় না কোনো ভাষাতে। সাকিবের এই সেক্রিফাইসে মুগ্ধ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। ‘এটাতো আমাদের কারোরই হাত নেই। খুব জরুরি একটা ব্যাপার। পারিবারিক বিষয় যে কোনো মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, ওর (সাকিব) জন্যও। কিন্তু সে এখন থেকে যাচ্ছে। খুবই দারুণ একটা ব্যাপার, সাকিব এই সেক্রিফাইস হয়তোবা করেছে এই সিরিজটার জন্য। এটা আমাদের ও বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো খবর।’– বলেছেন খালেদ মাহমুদ। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে ম্যাচ জয়ের পর সিরিজও জিততে মুখিয়ে সাকিব। সেঞ্চুয়িনে প্রথম ওয়ানডেতে তিনি ছিলেন দলের জয়ের অন্যতম নায়ক। দ্বিতীয় ওয়ানডে ভালো না গেলেও শেষ ম্যাচটি জিততে মুখিয়ে বাঁহাতি অলরাউন্ডার।
সুজন বলেছেন, ‘সে পুরোপুরিভাবে খেলতে চায়। প্রথম থেকেই একই মানসিকতা নিয়ে আছে। খেলার ব্যাপারে খুবই আন্তরিক। প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হলো। দ্বিতীয় ম্যাচে রান করেনি, বোলিং দারুণ করেছে। খেলার ভেতরে ডুবে ছিল। সে সিরিজটা জিততে চায়। চায় ভালো করতে। ও জানে আসলে আমাদের জন্য তাকে ছাড়া এই কম্বিনেশনে উন্নতি করা কতটা কঠিন। আমরা আশা করি সিরিজটা জিতব। তারপর হয়তো সিদ্ধান্ত নেবে কখন যাবে না যাবে।’ বুধবার সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে। এই মাঠেই প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। সাকিবের আরেকটি দারুণ পারফরম্যান্স ও দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরিজ জিতে ইতিহাস তৈরি হতেও পারে।