সাঈদীর চিকিৎসককে ‘হত্যার হুমকিদাতা’ ঝিনাইদহে গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে ‘হত্যার হুমকিদাতা’কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও তার নাম তাফসিরুল ইসলাম (২৩) বলে জানা গেছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তাৎক্ষণিকভাবে বলেন, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তাফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে র‌্যাবের গাড়িতে ঢাকায় নেয়া হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডাক্তার এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ এনে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই চিকিৎসক। সাধারণ ডায়েরি থেকে জানা যায়, মোস্তফা জামান বিএসএমএমইউয়ে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। রোববার রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। তিনি বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাববধানে চিকিৎসাধীন ছিলেন। সাঈদী চিকিৎসাধীন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা জামান। এরপরও কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তাকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে ডাক্তার জামান বলেন, সাঈদীর চিকিৎসায় কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দিয়েছি। কোনো ধরনের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।