সাংবাদিক শামছুর রহমানের আজ ২৩তম হত্যাবার্ষিকী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের প্রথিতযশা সাংবাদিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমানের ২৩ তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০০০ সালের এই দিনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার যশোর অফিসে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
এই দীর্ঘ ২৩ বছরেও সাংবাদিক হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা যায়নি। আইনের মারপ্যাঁচে বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে আটকে থাকায় ক্ষুব্ধ নিহতের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ।
আদালত সূত্র জানায়, ২০০০ সালের ১৬ জুলাই রাতে সাংবাদিক শামছুর রহমান কেবল খুন হবার পর ২০০১ সালে সিআইডি পুলিশ এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর কয়েকজন আসামী চার্জশিটের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনায় মামলার সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই থেকে আদালতের আদেশে মামলার বিচার কাজ ঝুলে আছে। দীর্ঘদিনেও চাঞ্চল্যকর এ মামলাটির বিচার না হওয়ায় নিহতের পরিবার ও সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শামছুর রহমানের ২৩তম হত্যাবার্ষিকী উপলক্ষে যশোরের সাংবাদিকদের সংগঠনগুলো আজ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাব যশোর সকালে কালোব্যাজ ধারণ, ১০ টায় শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেছে।
যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সকালে শোকর‌্যালি নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবের যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবিব।
এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরসহ বিভিন্ন সংগঠনের পক্ষে সকালে কালোব্যাজ ধারণ ও সকাল ১০ টায় কারবালা কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করবে। সাংবাদিকদের সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটিতে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।