সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

0
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এ সময় উপস্থিত ছিলেন।। ছবি: সংগৃহীত

এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দেশের সব সাধারণ শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন। এতদিন এই দুই পাবলিক পরীক্ষা শিক্ষাবোর্ডগুলো আলাদা প্রশ্নপত্রে নিত।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো বোর্ড একটু নমনীয় প্রশ্ন করে, কোনো বোর্ড কঠিন প্রশ্ন করে — এক বাংলাদেশে এসএসসি বা এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না। এ প্রসঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন দেশে একই প্রশ্নপত্রে ইংরেজি মাধ্যমের ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার উদাহরণ তুলে ধরেন।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস হয়নি।

সেশনজট কমিয়ে আনতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর অংশ হিসেবে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি শুরু হবে ওই বছরের ৬ জুন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।