ক্রিকেটারদের বিদ্রোহে নতি স্বীকার: অর্থ কমিটির প্রধানের পদ হারাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল

0
বিসিবির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এম নাজমুল ইসলামকে ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশ ক্রিকেটে চলমান নজিরবিহীন অচলাবস্থা নিরসনে অবশেষে নতি স্বীকার করেছে বিসিবি কর্তৃপক্ষ। ক্রিকেটারদের ‘খেলব না’ আল্টিমেটামের মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে প্রভাবশালী অর্থ কমিটির প্রধানের পদসহ যাবতীয় প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নাজমুলকে সরাসরি পরিচালক পদ থেকে অপসারণ করার সুযোগ নেই। গঠনতন্ত্রে মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা বা দেউলিয়া হওয়ার মতো শর্ত থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই। ফলে তাঁকে বোর্ড থেকে সরাতে হলে তাঁর ব্যক্তিগত পদত্যাগ জরুরি। বর্তমানে তিনি অর্থ কমিটির প্রধান ছাড়া অন্য কোনো পদে নেই, তাই তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে বোর্ড।

এদিকে, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিসিবি যদি ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের বিদায়ে লিখিত প্রতিশ্রুতি দেয়, তবেই তারা মাঠে ফিরবেন। নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ বিপিএলের প্রথম ম্যাচটি পণ্ড হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তের পর এখন সবার নজর সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস ম্যাচের দিকে। নাজমুল এর আগে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলাসহ নানা অসৌজন্যমূলক মন্তব্যে বিতর্কিত হয়েছিলেন।