যশোরে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গরিব অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তাদের সন্তানদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং ক্রীড়া সামগ্রী প্রদান করেন। সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

ছবি: লোকসমাজ।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ জন মহিলাকে সেলাই মেশিন, ৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৯ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১১ জনকে ৫ হাজার টাকা করে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৮ জনকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫টি ক্লাবকে ব্যাডমিন্টন, টেপ টেনিস, দাবা, ক্রিকেট, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল খেলার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুর রাজ্জাক, ক্রীড়া সংগঠক শামীম এজাজ প্রমুখ।

ছবি: লোকসমাজ।

এর আগে প্রতিমন্ত্রী সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় আয়োজিত কৃষি প্রণোদনা ও কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করেন।

পরে তিনি ঢাবি ফোরাম যশোরের উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদ, সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি প্রমুখ।