অর্থের অভাবে কারও পড়াশোনা থেমে থাকবে না : অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মানোন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষা ব্যবস্থাকে আনন্দময়ী করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কথা বলেছেন। সরকার যে পরিকল্পনা গ্রহণ করুক না, কেন তার সুফল পেতে হলে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষকরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যকর পরিবেশে কাজ করতে পারেন, সরকারের পক্ষ থেকে আমরা সেটি নিশ্চিত করবো।

শনিবার জেলা প্রশাসন যশোর আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে প্রধান শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা), শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যশোর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অতীতের আমরা দেখেছি কেবল অবকাঠামো উন্নয়নের নামে কোন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। আমরা কাউকে এমন সুবিধা দিতে চাই না, আমরা শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে চাই। সরকারের সীমাবদ্ধতার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতি টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, সাইন্স ল্যাব, ডিবেটিং ক্লাব,লাইব্রেরি সহ অন্যান্য কার্যক্রম বাড়াতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার ভিতটা প্রাথমিক পর্যায় থেকে গড়ে দেওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেখাতে হবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ছেলে মেয়েদের জন্য পৃথক ওয়াশরুমের কথা বলেন। বাল্য বিবাহ রোধে নিয়মিত অভিভাবক সম্মেলন করতে হবে। অর্থের অভাবে কারও লেখা পড়া থেমে থাকবে না। সরকারের পক্ষ থেকে আমরা তার দায়িত্ব নেব। শিক্ষকদের স্বচ্ছল জীবনের নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, দলের কিংবা রাজনৈতিক পরিচয় শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না । কেউ যদি করতে চায়, তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক পরে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ,

জেলা শিক্ষা অফিসার মাহফুজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবির, যশোর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন প্রমুখ।