পালিয়ে থাকা অপরাধীকে ফিরিয়ে দিতে ইতিবাচক হলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন: রাশেদ খান

0
ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেন রাশেদ খান।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ভারত যদি বাংলাদেশ থেকে পালিয়ে থাকা সব অপরাধীকে ফিরিয়ে দিতে ইতিবাচক মনোভাব দেখায়, তাহলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। দেশের জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলে মন্তব্য করেছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন। আবার বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে ভারত। এভাবে তো হয় না। ভারত যদি পালিয়ে থাকা সব অপরাধীদের ফিরিয়ে দিতে ইতিবাচক মনোভাব দেখায়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধেও অভিযোগ তোলেন রাশেদ খান। তিনি দাবি করেন, ২০২৪ সালের ১৯ জুলাই সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং আওয়ামী লীগের হয়ে জুলাই গণ-অভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিলেন।

রাশেদ খান বলেন, অথচ এখন তারা জুলাই গণ-অভ্যুত্থানের নায়ক হিসেবে নিজেদের দাবি করছেন।

তিনি আরও বলেন, এনসিপি জামায়াতের মাঝে বিলীন হয়ে গেছে। আজ হাসনাত ও সারজিসরা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে। কিন্তু তারাই তো জুলাই গণ-অভ্যুত্থানে এক দফা চায়নি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিতে হবে। সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে।

এর আগে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।