মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

0
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।। ছবি: লোকসমাজ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী চলবে। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনে সরকার দ্রুত কাজ করছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, রোববারের অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একই সঙ্গে বিচার বিভাগের গতিশীলতা বাড়ানো ও মামলাজট কমাতে ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় রক্ষীবাহিনীর তাণ্ডবে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে নিহত ব্যক্তিদের পরিবারের আইনের আশ্রয় নেওয়ার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ আইনের আশ্রয় নিতে চাইলে নিতে পারেন। আইনের দরজা সবার জন্য খোলা।

গুম-খুনের শিকার পরিবারগুলো আইনগত সহায়তা চাইলে আদালত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।

ঝিনাইদহজুড়ে চলমান সিক্সলেন মহাসড়ক নির্মাণকাজের ধীরগতি এবং জেলার বিভিন্ন সড়কের বেহাল দশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মহাসড়কের অপ্রশস্ততা ও নির্মাণকাজের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিক্সলেনের কাজ ত্বরান্বিত করার পাশাপাশি সড়ক সংস্কারে জোরালো নির্দেশ দেওয়া হবে।

ঝিনাইদহ পৌরসভার বহুতল আধুনিক সুপার মার্কেট নির্মাণকাজ বেলার দায়ের করা রিটের কারণে আটকে থাকা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তিনি ভালোভাবে জানেন না। আইনি বাধা নিরসনে কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হবে।

জেলার অফিস-আদালতে দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ইতিমধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি বিষয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।