সংবাদ সম্মেলনে পিতার দাবি ‘মেয়ে হত্যা করা হয়েছে’

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের গৃহবধূ সুমনা বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে, এ অভিযোগ এনে স্বামীসহ জড়িতদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পিতা মোমিন গাজী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সদর উপজেলার দেয়াপাড়ার বাসিন্দা মোমিন গাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ২০১৮ সালে মুনসেফপুর গ্রামের তোক্কেল মোল্যার ছেলে জসিম মোল্যার সাথে তার মেয়ে সুমনার বিয়ে দেওয়া হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

অভিযোগ করে তিনি বলেন, বিয়ের পর থেকেই জসিম ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সুমনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মেয়ের সংসার রক্ষায় তিনি একাধিকবার নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র দিলেও নির্যাতন থামেনি।

মোমিন গাজীর অভিযোগ, গত ২৯ এপ্রিল গভীর রাতে তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়। পরবর্তীতে ঘটনাটিকে ভিন্নখাতে নিতে ‘আত্মহত্যা’ হিসেবে প্রচার করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তিনি জসিম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

মেয়ে হত্যার সুষ্ঠু বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জসিমের চাচাতো ভাই আশরাফ আলী সদর উপজেলা জামায়াতের আমীর। ঘটনার পর থেকেই আশরাফ আলী এ ঘটনায় প্রভাব বিস্তার করায় পুলিশ জড়িতদের আটকে কোনো পদক্ষেপ নিচ্ছেনা। স্থানীয় ফাঁড়ির পুলিশও তাদের অভিযোগের বিষয়ে গুরুত্ব দিচ্ছেনা।

সংবাদ সম্মেলনে মাধ্যমে নিহতের পিতা মোমিন গাজী তার মেয়ে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।