শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

0
ছবি: সংগৃহীত।

শ্রীপুর(মাগুরা)সংবাদদাতা ॥ শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি মন্ডল (৩৫)। তিনি পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ফারজানা একই উপজেলার আমতৈল গ্রামের ফয়জার হোসেনের মেয়ে।

স্থানীয় অধিবাসী ও পুলিশ জানায়,পারিবারিক কলহের জেরে রাতে রাব্বি মন্ডলকে তার স্ত্রী ফারজানা বেগম ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় ও লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে নিহত রাব্বি মন্ডলের স্ত্রী ফারজানা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকান্ড ঘটেছে,তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা মর্গে প্রেরণ করা হয়েছে।