শৈলকুপায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১৬০ জন : প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা

0

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৫ মাস ধরে জ্বর,ডায়রিয়া , নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বয়স্ক ও শিশুরা। শীতকে সামনে রেখে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে এসব রোগীর সংখ্যা। হাসপাতালটি ৫০ শয্যার হলেও ভর্তি রয়েছে প্রায় ১৬০ রোগী। গত বছরের তুলনায় এ বছর হাসপাতালে ভর্তি শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। ধারণ ক্ষমতার চেয়ে ৩/৪ গুণ রোগী বেশি হওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। সেই সাথে সেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
বুধবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা যায়,আউটডোরে ডাক্তারদের চেম্বারে সেবা নিতে আসা রোগীদের উপচেপরা ভিড়। প্রতিদিন আউটডোরেই চার শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়। এছাড়াও জরুরি বিভাগ, পুরুষ ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে রোগীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়। এমনকী রোগীরা মেঝে, বারান্দা ও করিডোরে শুয়ে আছে, তিল ধারণের ঠাঁই নেই। জ্বর ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৩০-৫০ রোগী ভর্তি হচ্ছে ; যা ওয়ার্ডের ধারণক্ষমতার তিনগুণেরও বেশি। বিভিন্ন বয়সের বেশির ভাগ রোগী কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও বয়স্ক ও নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে। ১৪ জন ডেঙ্গুরোগীও ভর্তি আছে। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
সেবা নিতে আসা মাঠপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক বলেন, আমার ডেঙ্গু হয়েছে। আজ ২দিন হাসপাতালের বারান্দায় শুয়ে সেবা নিচ্ছি। কোনো শয্যা ফাঁকা নেই।
উপজেলার ধাওড়া গ্রামের দীপা খাতুন বলেন, আমার শিশুর ঠান্ডা জ্বর ও কাশি হয়েছে তাই হাসপাতালে এনেছি ডাক্তার দেখাতে। এসে দেখছি অনেক শিশুই হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় এভাবে গাদাগাদি করে মেঝেতে সেবা নিতে হচ্ছে।
মেডিকেল অফিসার আরিফুর রহমান বলেন, বর্তমান ১৪ জন ডেগু ও ১৬জন ডায়রিয়া রোগী ছাড়াও ১৬০ জন রোগী ভর্তি রয়েছে। বেশ কিছুদিন ধরে এমন রোগীর চাপ দেখা যাচ্ছে। বর্তমান হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে।
শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. মাহফুজা খাতুন বলেন, আমি কয়েক দিন হলো এখানে যোগদান করেছি । তবে আমাদের ৫০শয্যা এ হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে রোগী বেশি তাই শয্যার সংকুলান না হওয়ায় এভাবে মেঝেতে সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের লোকবল সংকট রয়েছে এরপরেও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ভালো সেবা দেওয়ার জন্য।